ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক কারবারির মৃত্যু হয়েছে। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এই তথ্যটি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে একজন হলেন উখিয়া উপজেলার ডেইলপাড়ার সৈয়দ নুরের পুত্র মোহাম্মদ শাহজাহান (২৭)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের ১০টি মামলা আছে বলে বিজিবির দাবি। নিহত আরেকজনের পরিচয় এখনও জানায়নি বিজিবি।
রোববার ভোররাতে উখিয়ার রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমারের একটি ইয়াবার চালান প্রবেশ করবে বলে খবর পায় বিজিবি। এরপর সীমান্তে টহল জোরদার করলে ৪-৫ জনের একটি দল প্রবেশের চেষ্টাকালে এদেরকে থামানোর সংকেত দেন বিজিবি সদস্যরা।
কিন্তু বিজিবির অবস্থান টের পেয়ে মাদককারবারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টাগুলি চালালে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল থেকে শাহজাহান নামে এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে, টেকনাফ বিজিবির সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে ১ ইয়াবা কারবারির মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হলেও নিহতের নামপরিচয় এখনও উদঘাটন করতে পারেনি বিজিবি।
(ঊষার আলো-আরএম)
