UsharAlo logo
, |

বৃহত্তর খুলনাকে মডেল নগরী করতে যৌথ উদ্যোগের আহ্বান

Mohon Chowdhury
আগস্ট ১০, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের বিষয় নয়, এটি সবার যৌথ প্রচেষ্টা। সরকারের বা কেডিএর একার পক্ষে সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব নয়। জনগণের মতামত, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে বৃহত্তর খুলনাকে আধুনিক, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব মডেল নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার বিকেলে বাগেরহাট সদর এবং রাতে মোংলা উপজেলায় কেডিএর সেবা ও মাস্টারপ্ল্যান বিষয়ে জনসাধারণকে অবহিতকরণ উপলক্ষে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম মনা বলেন, মাস্টারপ্ল্যানে কৃষিজমি রক্ষা করে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার সুষ্ঠু বিন্যাস নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রধান সড়ক প্রশস্তকরণ, বাইপাস সড়ক নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা রয়েছে। বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনাগুলোর নান্দনিকতা রক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব গ্রিন জোন ও পার্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

কেডিএর সেবা প্রসঙ্গে তিনি বলেন, নাগরিকদের হয়রানি কমাতে ভবন নির্মাণের নকশা অনুমোদনসহ বিভিন্ন আবেদন প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করা হচ্ছে। কেডিএকে নাগরিকবান্ধব ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ চলছে।

বাগেরহাট সদর উপজেলার সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। মোংলা উপজেলার সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ জুলফিকার আলী। সভায় কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম ও পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিপুলসংখ্যক নাগরিক অংশ নেন।