UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ জন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ৭ জনের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
২৭ জুন রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে আশেপাশের অন্তত ১৪ টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাস্তায় চলতে থাকা ৩ টি যাত্রীবাহী বাসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাস্তায় লাব্বাইক পরিবহন, আজেমরী পরিবহন ও আল মক্কা পরিবহনের ৩ টি বাস ভাঙাচোরা অবস্থায় পরে রয়েছে। বাসের সিটের নিচে ও রাস্তায় ছোপ ছোপ রক্তের দাগ। রাস্তায় পড়ে রয়েছে ভাঙা কাচ। রাখি নীড় ভবনটির নিচে পুরোই যেন ধংস স্তুপ। রাখি ভবনের উল্টোদিকে আড়ং, ও বিশাল সেন্টারের কাঁচ ভেঙে পড়েছে রাস্তায়।
দেখা যায় এক বাসযাত্রীর গায়ের শার্ট রক্তে ভেজা। তিনি বলেন, ‘আমি পেছনে বলাকা পরিবহনে ছিলাম। গুলিস্তান থেকে মিরপুর ১৪ নম্বর যাচ্ছিলাম। হঠাৎ বিকট একটা শব্দ হলো। রাস্তা বন্ধ হয়ে গেলো। বাস থেকে নেমে দেখি রাস্তায় মানুষের আহাজারি। আমি নিজে কয়েকজনকে হাসপাতালে নিয়ে গেছি। বাসেরও লোকও ছিলো। বিল্ডিং থেকে একটা বাচ্চাসহ কয়েকজনকে বের করছি। এদের মধ্যে বাচ্চাসহ ২জন মরা গেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘এমন ভয়াবহ শব্দ জীবনেও শুনিনি। মনে হয়েছে ভবনটা কেঁপে উঠল। বিস্ফোরণের শব্দে ভবনের কাচ ভেঙে পড়তে শুরু করে।’
পথচারীরা বলেছেন, ‘হঠাৎ করে বিকট শব্দে আঁতকে উঠি। চোখের সামনে তাকিয়ে দেখি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কখনো এই ধরনের বিস্ফোরণ দেখিনি। জীবনে এমন ভয়ংকর কিছু এভাবে কাছ থেকে দেখিনি। অনেক মানুষ হতাহত হয়েছে।’

(ঊষার আলো- এম এইচ)