UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মহানগর ওয়ার্কার্স পার্টি সভায় গণপরিবহন চালুর দাবি

koushikkln
এপ্রিল ২, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ১ এপ্রিল শুক্রবার বিকেল ৫টায় অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির এক সভা সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে আবৃত্তি শিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে ও ১৬ মার্চ ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড কাওছার আহমেদের মৃত্যুতে এক শোক প্রস্তাব গ্রহণ করে তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট দাঁড়িয়ে নিবরতা পালন করা হয়।

সভায় নেতৃবৃন্দ খুলনা মহানগরীতে গণপরিবহন চালুর দাবি জানিয়ে বলেন, একদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কষাঘাতে জনগণের নাভিশ্বাস উঠছে, অন্যদিকে স্বল্প আয়ের মানুষদের এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতের বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে অধিকহারে ভাড়া গুণতে হয়। এতে করে শিক্ষার্থীরা প্রতিদিন নিয়মিত স্কুল-কলেজে যেতে পারছে না। ফলে শিক্ষার পরিবেশ দারুণভাবে ব্যাহত হচ্ছে। সে কারণে নেতৃবৃন্দ অনতিবিলম্বে নগরীতে গণপরিবহন চালুর জোর দাবি করেন।

অপরদিকে কিছু অতি লোভী অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে জনজীবনে দুর্ভোগ তৈরি করছে। এ রোজার মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি করেন। সভায় অপর এক প্রস্তাবে ঈদের আগেই বন্ধকৃত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় রেখেই পুনরায় চালু ও সকল পাওনাদি পরিশোধ করার কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড কমরেড মনির হোসেন, কমরেড অজয় দে, কমরেড বাবুল আকতার প্রমুখ নেতৃবৃন্দ।