মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে সোমবার খুলনার খালিশপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে “মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও ডিজিটাল আসক্তি বর্তমান সমাজের অন্যতম বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, সহপাঠীদের উদ্বুদ্ধকরণ এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করতে হবে। তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অতিরিক্ত মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান।
সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান, সমাজসেবক এস এম নাছিম উদ্দীন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এস গোলাম আযম, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু এবং জেজেএসের সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রাম) এম এম চিশতী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. মাঈনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।
সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সমাজসেবক শেখ আলমগীর এবং শেখ মোয়াজ্জেম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
