খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নারী ও শিশু শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও সরকারের গৃহীত কর্মসূচির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সমাজে বিদ্যমান নানা সমস্যা দূর করা সম্ভব।
শুক্রবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিআইএমএস)-এর স্টুডেন্ট উইং-খুলনা আয়োজিত দুই দিনব্যাপী ‘বেসিক মেডিয়েশন ট্রেনিং প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ধরনের প্রশিক্ষণ বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং বিভিন্ন সংকট মোকাবিলায় তাদের আরও সক্ষম করে তুলবে। তিনি বলেন, বর্তমানে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি ও মাদকের বিস্তার তরুণ সমাজকে নানা অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, যা পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এসব সংকট থেকে উত্তরণ সম্ভব।
বিআইএমএস-এর স্টুডেন্ট উইংয়ের সভাপতি সিরিজা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির। মেডিয়েশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ মো. সানুয়াল হক। এছাড়া বক্তব্য দেন সোসাইটির নির্বাহী সচিব প্রিয়াংকা চক্রবর্তী, ট্রেইনার ড. সিমরন নাপিত, কোঅর্ডিনেটর বিজয় ভারতিয়া এবং সার্ক মেডিয়েটর্স ফোরামের চেয়ারম্যান ড. জর্জ ইয়েসু ভেদাহ ভিক্টর। স্বাগত বক্তব্য দেন ফাহিমা আক্তার রিয়া।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
