UsharAlo logo
, |

মোড়েলগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে খুলনায় সংবাদ সম্মেলন

ঊষার আলো রিপোর্টার
জুলাই ২৩, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল হাকিম খান। এসময় তাঁর ছোট ছেলে আব্দুল নয়ন খান ও মামাতো ভাই মো. রাসেল তালুকদার উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আব্দুল হাকিম খান দাবি করেন, গত ২ জুলাই বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার কে কে পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় তাসলিমা বেগমের ছেলে মাহিমকে মাদক সেবন করতে দেখে তাঁর ছেলে আব্দুল নয়ন খান প্রতিবাদ করেন। এতে মাহিম নয়নের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারধরের শিকার হতে হয়। আহত নয়ন প্রাথমিক চিকিৎসা নিলেও আঘাতের কারণে পোলেরহাট আলহাজারিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে দাবি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কে কে পোলেরহাট বাজারে মুন্না খানের নেতৃত্বে মারুফ শিকদার, মাহিম খান, শান্ত শেখসহ ২০ থেকে ৩০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হামলার ঘটনার পর তাসলিমা বেগম বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে আব্দুল হাকিম খানের চাচাতো ভাই কামাল খান, ছেলে আব্দুল নয়ন খান এবং প্রতিবেশী আব্দুল কালামকে আসামি করা হয়েছে। অভিযোগকারীর দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই কাটাবুনিয়া গ্রামে তাসলিমা বেগম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এছাড়া সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় এক ব্যক্তি মুন্না খান মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাঁর বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পান না। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।