UsharAlo logo
, |

মোড়েলগঞ্জে সেলিমাবাদ নামে নতুন থানা গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৯টি ইউনিয়নকে সমন্বয় করে ‘সেলিমাবাদ’ নামে নতুন থানা গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বুধবার (২৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোড়েলগঞ্জ উপজেলা বর্তমানে ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে খরস্রোতা পানগুছি নদীর উত্তর ও উত্তর-পূর্বে অবস্থিত ৯টি ইউনিয়ন—দৈবজ্ঞহাটী, বলইবুনিয়া, হোগলাপাশা, বনগ্রাম, রামচন্দ্রপুর, চিংড়াখালী, পুটিখালী, পঞ্চকরণ ও তেলিগাতীতে প্রায় আড়াই লক্ষাধিক মানুষের বসতি রয়েছে। এসব ইউনিয়নের মোট আয়তন প্রায় ২৮৯ বর্গকিলোমিটার। মোড়েলগঞ্জ সদর থেকে দূরবর্তী হোগলাপাশা ও বনগ্রাম ইউনিয়নের দূরত্ব প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার, পাশাপাশি প্রায় ২ কিলোমিটার প্রসস্ত পানগুছি নদী অতিক্রম করতে হয়।

প্রশাসনিক সব দপ্তর নদীর দক্ষিণ পাড়ে হওয়ায় উত্তরাঞ্চলের জনগণ সেবা নিতে ব্যাপক ভোগান্তির শিকার হয়ে আসছে বলে স্মারকলিপিতে জানানো হয়। এছাড়া স্বাধীনতার পর থেকে পানগুছি নদী পারাপারের নির্ধারিত নৌযান দুর্ঘটনায় ২০০ জনেরও বেশি নারী-শিশু প্রাণ হারিয়েছে বলে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সুষম উন্নয়ন ও রাষ্ট্রীয় সেবার সমবন্টনের জন্য সেলিমাবাদ নামে নতুন থানা এবং পর্যায়ক্রমে উপজেলা গঠন জরুরি বলে দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক এড. নজরুল ইসলাম কাজল, শরীফ মোস্তফাজামান লিটু, এড. এসকেন্দার আলী খান, এড. আলী হোসেন, ডা. মিজানুর রহমান ডিয়ার, আলী আজিম বাবুল, খান মাসরুর রহমান, আলম পারভেজ লিটন, নুরুল আলম সোহাগ, মো. সাদিক, আরিফুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান মিলন, আলী আজিম খোকন, আলম হোসেন ও খান মিজানুর রহমানসহ অন্যরা।

স্মারকলিপি প্রদান পূর্বে বাগেরহাট কোর্ট চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা দ্রুত সেলিমাবাদ থানা প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী