বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বি.পি.জি.এম. রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি থেকে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি পদত্যাগ করেছেন। কমিটির সভাপতিকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক ও জটিলতার কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী দুই সদস্য হলেন অভিভাবক প্রতিনিধি মো. ফারুক তালুকদার এবং শিক্ষক প্রতিনিধি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন। জানা গেছে, তারা গত ২৩ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত এডহক কমিটিতে মনোনীত হন।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, কমিটির সভাপতিকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক ও জটিলতা সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যালয়ের স্বার্থ ও শিক্ষার মান রক্ষার কথা বিবেচনা করে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
এ বিষয়ে তারা গত ৩ অক্টোবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক বরাবর পৃথক পদত্যাগপত্র জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
