UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরোধী সিদ্ধান্তের অগ্রগতি ছাড়া ইউক্রেন-রাশিয়া বৈঠক শেষ

koushikkln
মার্চ ১০, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুদ্ধবিরোধী সিদ্ধান্তের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।
ইউক্রেন জানিয়েছে, আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনও অগ্রগতি হয়নি। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনে তাদের সামরিক অভিযান পরিকল্পনা মতোই চলছে। ইউক্রেনে রুশ হামলার ১৫তম দিনে বৃহস্পতিবার তুরস্কের আঙ্কারায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। যুদ্ধ শুরুর পর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটিই প্রথম বৈঠক।

বৈঠকের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যেসব দাবি তুলে ধরেছেন সেগুলো আত্মসমর্পণের শামিল।
ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের তার দেশের সামরিক অভিযান পরিকল্পনা মতোই চলছে।

ইউক্রেনের একটি শিশু হাসপাতালে রাশিয়ার বোমাবর্ষণের পর এই আলোচনা অনুষ্ঠিত হলো। ইউক্রেন এই হামলাকে একটি যুদ্ধাপরাধ হিসেবে অভিযোগ করেছে। কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে ওই হামলায় এক শিশুসহ তিন জন নিহত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৩ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।
কুলেবা জানান, সবচেয়ে ভয়াবহ মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মারিউপোলে। শহরটিতে হিম শীতল তাপমাত্রায় বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন অবরুদ্ধ বাসিন্দারা। কিন্তু রাশিয়া সেখানে মানবিক করিডোর স্থাপনের প্রতিশ্রুতি দেয়নি। এমনকি ইউক্রেনজুড়ে ২৪ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতিতেও সম্মত হয়নি মস্কো। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আবারও বলতে চাই ইউক্রেন আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করছে না এবং আত্মসমর্পণ করবে না।

তিনি জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী কোনও ছাড় দেওয়ার প্রস্তাব দেননি এবং আগের দাবিগুলোই তুলে ধরেছেন। এসব দাবির মধ্যে রয়েছে নিরস্ত্রীকরণ ও জোটনিরপেক্ষ অবস্থানের নিশ্চয়তা। কিয়েভের কাছ থেকে জবাবের অপেক্ষায় আছে মস্কো।
রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে সংঘাতকে উসকে দিচ্ছে পশ্চিমারা। রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে মানিয়ে নেবে এবং আরও ভালো মনস্তত্ত্ব এবং বিবেক নিয়ে সংকট কাটিয়ে উঠবে।