ঊষার আলো রিপোর্ট : মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ৩৮টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। কেএমপি’র ৮টি থানা এলাকায় শনিবার (২৬ জুন) চলমান লকডাউন কার্যক্রমে ট্রাক ৫টি, পিকআপ ৪টি, প্রাইভেট কার ৯টি এবং মোটর সাইকেল ২১টি সর্বমোট ৩৯টি যানবাহনে মামলা করা হয়।
উল্লেখ্য, খুলনা মহানগরীতে গত ২২ জুন থেকে লকডাউন কার্যকর করতে ২৯টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম ১৮টি, পিকেট ডিউটি ৪টি এবং থানা, ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে খুলনা মহানগরী এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের, মানবিকতা, ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)
