UsharAlo logo
, |

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের শঙ্কা

ঊষার আলো
জুন ২৬, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে প্রায় দেড় বছর ধরে। এ অবস্থায় আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনও ঝুঁকি নেওয়া হবে না বলে জানান তিনি।

অন্যদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির ফলে সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের কঠোর লকডাউন আরোপ করা হচ্ছে। এমন অবস্থায় যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের শঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, করোনার সংক্রমণ আবারও বাড়ছে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তেমন সম্ভাবনা নেই। কিন্তু পরিস্থিতি বুঝে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। তার জন্য কয়েক কিছু দিন অপেক্ষা করতে হবে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ২৪৭ জনের ও পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৬৫৩টি। শনাক্তের হার ২১ দশমিক ৯৩ শতাংশ। দেশে এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি আর মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘সরকারের ঘোষিত তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সকল ধরনের প্রস্তুতি রয়েছে। সরকারের নির্দেশনা পেলেই প্রতিষ্ঠানগুলো খোলা যাবে। কিন্তু সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর।’

(ঊষার আলো-এফএসপি)