UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের বেতন ও ইউনিফর্মের বিষয়ে নমনীয় হতে হবে- দীপু মনি

ঊষার আলো
সেপ্টেম্বর ১২, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শিক্ষার্থীদের ইউনিফর্ম ও টিউশন ফির বিষয়ে নমনীয় হতে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১২ সেপ্টেম্বর) আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে এ নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী ।

দীপু মনি জানান, অভিভাবকরা যদি টিউশন ফি একসাথে দিতে না পরে তাহলে তাদেরকে মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা করতে হবে। এ জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, করোনা সংক্রমণের হার কমে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছি। যদি পরিস্থিতি আবারও খারাপের দিকে যায় তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারপ্রাইজ ভিজিট চলবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যদি কোন অবহেলা হয় তাহলে প্রতিষ্ঠান বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের ইউনিফর্মের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, ‘করোনার পাশাপাশি বর্তমানে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। তাই শিক্ষার্থীদের ফুলহাতা জামা পরে আসার জন্য বলবো। তবে, এ সময় শিক্ষার্থীরা যদি তাদের ইউনিফর্মের বাইরে নিজেদের পছন্দমতো পোশাক পরে স্কুলে আসে, তাহলে তাদেরকে বাধা দেওয়ার দরকার নাই। অনেক শিক্ষার্থীর ইউনিফর্ম এখন স্বাভাবিক মাপমতো নেই। সেজন্য বিষয়ে কোন চাপ দেওয়ার দরকার নেই।’

তিনি আরও বলেন, এ সময় করোনা পরিস্থিতি ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় কোনো ব্যত্যয় বা অনিয়ম পেলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্তানদের স্কুলে দিয়ে গেটের সামনে ভিড় না করার অনুরোধ করে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অভিভাবকদের সামাজিক তদারকি করার আহ্বান জানিয়েছেন তিনি।

(ঊষার আলো-আরএম)