UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

বিনোদন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিগত কয়েক বছর ধরেই বিনোদন জগতে অনুসরণকারীর সংখ্যা দেখে কাজ পাওয়ার ‘তত্ত্ব’ চাউর হয়েছে। বলিউড হোক কিংবা টালিউড— সিনেপাড়ার সদস্যদের মুখে প্রায়শই এমন অভিযোগ শোনা যায়। সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন ওঠে— যোগ্যতার মানদণ্ড কি এখন এতটাই ব্রাত্য যে গ্ল্যামার বা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে কাজের পরিসর ঠিক হয়? এবার নবাগত শিল্পীদের নিয়েই মুখ খুললেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তিনি বললেন, ‘শুধু গ্ল্যামার হলেই হয় না, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে যোগ্যতারও প্রয়োজন হয়।’

ইন্ডাস্ট্রিতে দেড় দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে অভিষেক হলেও বর্তমানে বড়পর্দাতেও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। আসন্ন দুর্গাপূজাতেই মুক্তি পেতে চলেছে তার অভিনীত ‘বহুরূপী: দ্য গোল্ডন ডাকু’ সিনেমা। যে সিনেমায় অভিনেতা যিশু সেনগুপ্তের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার।

ইতোমধ্যে ট্রেলারে অভিনেত্রীর ঝলকে মুগ্ধ সিনেমাপ্রেমী দর্শকরা। কারণ অভিনেত্রী বরাবরই ছক ভেঙে ভিন্ন স্বাদের চরিত্রে নজর কেড়েছেন। এবার সিনে ইন্ডাস্ট্রির ‘গ্ল্যামার বনাম যোগ্যতা’ দ্বন্দ্বে সে কথাই নবাগতদের স্মরণ করে দিলেন সোহিনী সরকার।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগত নবাগত শিল্পীদের সম্পর্কে নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়ে সোহিনী সরকার বলেন, ‘ইন্ডাস্ট্রিতে যারা নতুন কাজ করতে আসছেন, তাদের দেখে অনেক সময় মনে হয় যে, তারা পুরোপুরি তৈরি হয়ে আসেনি।’

তিনি বলেন, একটা সময় ছিল যখন অভিনেতা-অভিনেত্রীরা রীতিমতো পড়াশোনা করতেন, অথবা দিনের পর দিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকে কাজ শেখার চেষ্টা করতেন। কিন্তু এখন যারা গ্ল্যামার সব থেকে বেশি, সে কাজ পায় বেশি। কিন্তু আমার মনে হয় শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না।’

এরপরই ‘বহুরূপী’ সহ-অভিনেতা যিশু সেনগুপ্তের প্রসঙ্গ উত্থাপন করে অভিনেত্রী বলেন, ‘যিশুদা অনেক ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বহুদিন ধরে নিজের অভিজ্ঞতার মাধ্যমে আজকে তিনি এ জায়গায় এসেছেন। তাই আমার মনে হয়, শুধু গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না; আগে দরকার যোগ্যতা।’

ঊষার আলো-এসএ