ঊষার আলো ডেস্ক : বলিউডের এক অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’ দেখতে দেখতে ১৫ বছর পার করে ফেলেছে। ২০০৬ সালের ২৩ জুন সুপারহিরোভিত্তিক এ সিনেমাটি বড় পর্দায় মুক্তি পায়। সিনেমাটি দেড় দশক পূর্তিতে ফ্র্যাঞ্চাইজির ৪ নম্বর কিস্তি ‘কৃষ ফোর’-এর নামটি সামনে আনলেন ঋত্বিক। সিনেমাটির ঘোষণা দিয়ে কাজ শুরুর ইঙ্গিত দেন তিনি। যুগের সাথে তাল মিলিয়ে এই ছবিতে রাখা হবে ভিজ্যুয়াল এফেক্টস। গুঞ্জন রয়েছে, ‘কৃষ ফোর’ সিনেমায় ঋত্বিকের বিপরীতে প্রিয়াঙ্কা অথবা ক্যাটরিনাকে দেখা যেতে পারে।
বহুদিন ধরেই এ সিনেমাকে ঘিরে চলছিল জল্পনা-কল্পনা। একাধিক সাক্ষাৎকারে ‘কৃষ ফোর’ যে তৈরি করা হবে সেকথা ঋত্বিক নিজেই জানান। আর বরাবরের মতো পরিচালক-প্রযোজক থাকবেন তার বাবা রাকেশ রোশন।
১৫ বছর পূর্তি উপলক্ষে এক টুইটে একটি ভিডিও শেয়ার করেন ঋত্বিক। সেখানে দেখা যায় চিরাচরিত কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ।
ক্যাপশনে তিনি লেখেন, ‘অতীতে যা হওয়ার তা হয়ে গিয়েছে। দেখা যাক ভবিষ্যৎ নতুন কী নিয়ে আসে, ‘কৃষ ফোর’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অব কৃষ’ ও ‘কৃষ ফোর’ শব্দেরও ব্যবহার করেন তিনি।
এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানান, বেশ খরচসাপেক্ষ হবে সিনেমাটি। ভিজ্যুয়াল এফেক্টসের ব্যয়ও যাতে করে সাধ্যের মধ্যে রাখা যায় তাও মাথায় রাখতে হচ্ছে। এছাড়া দর্শকদেরও ভালো লাগতে হবে সেটা। আর তার জন্য আমরা আন্তর্জাতিক মানের একজন অ্যাকশন ডিরেক্টরের কথা ভাবছি। এমন কিছু একটা করতে চাই যা আগে কোনোদিন বলিউডে হয়নি।
(ঊষার আলো-এফএসপি)
