নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধের আহ্বান নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মৌজায় মাল্টিপারপাস রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের আয়োজনে এবং কানাডীয় দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউয়ের আর্থিক সহযোগিতায় এ প্রচারাভিযান পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাসসহ স্থানীয় নারী, পুরুষ ও কিশোর-কিশোরীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সবার করণীয় তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুরা পরিবার ও সমাজে নানাভাবে সহিংসতার শিকার হচ্ছেন। সমাজের অগ্রগতির জন্য পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। পরিবারের সবাই সচেতন হয়ে এগিয়ে এলে নারীর প্রতি সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।
আয়োজকরা জানান, ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রচারাভিযান আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে গাবুরা ইউনিয়নের ৭২টি প্রাথমিক দলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঊআ-মোচৌ
