UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আনসার-ভিডিপির ৯৭ দিনের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ সম্পন্ন

Mohon Chowdhury
নভেম্বর ২২, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

তরুণদের ডিজিটাল দক্ষতায় দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে চলতি বছরের কম্পিউটার প্রশিক্ষণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের ১১টি প্রশিক্ষণ কেন্দ্রে ২৬৪ জন পুরুষ প্রশিক্ষণার্থী ৯৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

শনিবার (২১ নভেম্বর) বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং’ শীর্ষক মূল কোর্সটি ছিল ৯০ দিনের। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সাত দিনের বিশেষ প্রশিক্ষণ যুক্ত হওয়ায় মোট প্রশিক্ষণকাল দাঁড়ায় ৯৭ দিন।

আনসার-ভিডিপি একাডেমি ছাড়াও কিশোরগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বগুড়া, সিলেট, ঝালকাঠি, ঝিনাইদহ, নোয়াখালী, পাবনা ও কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে একযোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কম্পিউটার ও ইন্টারনেটের মৌলিক ব্যবহার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), কনটেন্ট মার্কেটিং এবং আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কৌশল সম্পর্কে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন। এ ছাড়া এআইভিত্তিক কনটেন্ট তৈরি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও বাজার বিশ্লেষণের কৌশল শেখানো হয়।

প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন। এ সময় পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বিষয়ে বাহিনীর মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ঊআ-মোচৌ