ঊষার আলো রিপোর্ট : স্বাস্থ্যসেবা বিভাগের নথিপত্রের তথ্য চুরির অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলায় জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। তবে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।
আজ ২০ মে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেষ হয় তাঁর জামিন শুনানি। এর আগে দুপুর ১২টা ৪৯ মিনিটে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তাঁর জামিন শুনানি শুরু হয়। রোজিনার জামিন শুনানি করে আইনজীবী এহসানুল হক সমাজি ও প্রশান্ত কুমার কর্মকার।
গত ১৭ মে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর নথিপত্র চুরি ও ছবি তুলে নেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলা দিয়ে রোজিনাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
(ঊষার আলো- এম.এইচ)
