UsharAlo logo
, |

সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত সেনাবাহিনী

ঊষার আলো
অক্টোবর ২৭, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ও বৈদেশিক মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য বয়ে এনেছে সম্মান ও মর্যাদা। যেটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

বুধবার(২৭ অক্টোবর) সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্টের হাতে নতুন পতাকা হস্তান্তর অনুষ্ঠান এবং সেনাবাহিনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক, মানব দুর্যোগ মোকাবিলাসহ নানা আর্থ-সামাজিক উন্নয়ন তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনী উল্লেখযোগ্য অবদান রাখছে। অপারেশন কোভিডশিল্ডেও সেনাবাহিনীর সদস্যরা ব্যপক ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই এগিয়ে যাবে ও বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে আমরা চলবো। আমাদের লক্ষ্য সেটাই।’

গত ১৩ বছরে এখন যথেষ্ট শক্তিশালী ও অগ্রসর হয়েছে আমাদের সশস্ত্র বাহিনী। বিশেষ করে জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়াতে ও করোনা মোকাবিলায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন। তাই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি’।

 

(ঊষার আলো-আরএম)