ঊষার আলো রিপোর্ট : সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ ২ দিন পর উদ্ধার হয়েছে। আজ ২৫ এপ্রিল রোববার ভোরে সুরমা নদীতে ক্ষুদ্র ব্যবসায়ী সীতেশ রঞ্জন দাস কদমের (৩৪) লাশ ভেসে ওঠে।
উপজেলার নুরপুর গ্রাম লাগোয়া সুরমা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত সীতেশ রঞ্জন দাস কদম দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বাসিন্দা মৃত রসিক লাল দাসের ছেলে।
জানা গেছে, তার ঘরবাড়ি নেই। ছিল না কোনো ফসলি জমিও। বড় ভাইয়ের বসতঘরের সঙ্গে বাঁশের বেড়ার একচালার একটা টিনশেডে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন সীতেশ রঞ্জন দাস কদম (৩৪)। সবার কাছে কদম দাস নামেই পরিচিত এই ব্যবসায়ীর ঘরের সামনেই নদীর পাড়ে একটা টং দোকানের ওপর নির্ভর করে চলত তার ছোট্ট সংসার। আর্থিক টানাপোড়েনের কারণে জীবিকার তাগিদে টং দোকানের ব্যবসার পাশাপাশি দিনমজুরিও করতে হত তার।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেছেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২’দিন সুরমা নদীতে অনেক খোঁজাখুঁজি করে রোববার ভোরে সীতেশ রঞ্জন দাস কদমের লাশ পাওয়া যায়।
প্রসঙ্গত, অন্যান্য দিনের মতো ২৩ এপ্রিল শুক্রবার ব্যবসার কাজ বের হন সীতেশ রঞ্জন দাস কদম। দুপুরে দোয়ারাবাজারের নুরপুর এলাকায় সুরমা নদীতে খেয়া পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় নদীর মাঝখানে খেয়া নৌকা ডুবে যায়। ওই সময়ে নৌকায় থাকা অন্যদের উদ্ধার করা গেলেও খুঁজে পাওয়া যায়নি সীতেশ রঞ্জন দাস কদমকে।
(ঊষার আলো- এম. এইচ)
