UsharAlo logo
, |

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অ্যালার্জিজনিত শকে পর্যটকের মৃত্যু

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে সেন্টমার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার শ্বাসকষ্ট শুরু হয়।

পরে তাকে তাৎক্ষণিক সেন্টমার্টিন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল। চিংড়ি মাছ খাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

দ্বীপের হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার সঙ্গে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, তার আগে থেকেই অ্যানাফাইল্যাকটিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল। অবস্থার অবনতির কথা বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, ভ্রমণে এসে একজন পর্যটকের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত দুঃখজনক।

ঊষার আলো-এসএ