ঊষার আলো ডেস্ক : বরিশালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত বিনা মুগ ৭ ও ৮ ডালের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ চলতি খড়া মৌসুমেও কোন প্রকারের সেচ সুবিধা ছাড়াই আশাতীত ফলনও হয়েছে।
কৃষকরা আশা করছেন যে যদি সেচ সুবিধা বাড়ানো যায় তাহলে আগামীতে ফলন আরও বাড়বে। কৃষি কর্মকর্তাদের দাবী বিনা জাতের মুগ ডাল চাষ করলে কৃষক ব্যাপকভাবে লাভবান হবেন ও প্রোটিনের ঘাটতিও দূর করা যাবে।
জানা যায় বরিশাল অঞ্চলের মাটি মুগ ডাল চাষের জন্য খুবই উপযোগী। এ এলাকায় বিনা উদ্ভাবিত বিনা মুগ ডাল ৭ ও ৮ চাষ বেশ বেড়েছে এবং উৎপাদনও ভালো হচ্ছে। এই ডালের চাহিদাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত বলেন, ‘বরিশাল জেলায় এবার ২৬ হাজার ৬শ ২ হেক্টর জমিতে বিনা মুগ ডাল ৭ ও ৮ জাত চাষ করা হয়েছে। আগে অন্যান্য জাতের ফলন কম হলেও এবার নতুন উদ্ভাবিত বিনা মুগ ডাল ৭ ও ৮ জাত চাষে কৃষকরা ব্যাপক ফলন পেয়েছেন।’
বরিশালে মুগ ডাল একটি অর্থকরি ফসল হিসেবে বিবেচিত। ফলন ভালো হওয়ার ফলে চাষীদের মধ্যে আগ্রহ বেড়েছে। এছাড়া কৃষকরা বেশী করে বিনা মুগ ডাল চাষ করলে অধিক লাভবান হবেন।
(ঊষার আলো-এফএসপি)
