বটিয়াঘাটার উন্নয়নে ধানের শীষে ভোট দিয়ে বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়ে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন, গত এক যুগে দাকোপ-বটিয়াঘাটা অবহেলিত জনপদে পরিণত হয়েছে। উন্নয়ন বঞ্চিত এ এলাকার মানুষ একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল। শহরের প্রান্তসীমায় অবস্থিত বটিয়াঘাটার মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছে। অপার সম্ভাবনাময় এ উপজেলায় শিল্প ও কৃষি বিপ্লব ঘটাতে চাই। বটিয়াঘাটার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গ করতেই আমি মাঠে নেমেছি।
শনিবার বিকেলে বটিয়াঘাটা বাজার মাঠে আয়োজিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামিম এবং সঞ্চালনা করেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এমএম এ বাশার।
বক্তব্যে জিয়াউর রহমান পাপুল আরও বলেন, নদী ভাঙন রোধে বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। স্বাস্থ্য সেবার উন্নয়নে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা এবং পর্যটন শিল্পের বিকাশে বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে। জলমা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে সাজানো হবে। মৎস্য ও কৃষি উৎপাদন আধুনিক পদ্ধতিতে দ্বিগুণ করা হবে। বটিয়াঘাটা শিল্প প্রতিষ্ঠানের সম্ভাবনাময় উপজেলা, এখানে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে স্থানীয় অর্থনীতি পুনর্গঠিত করা হবে। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও উন্নত উপজেলা হিসেবে বটিয়াঘাটাকে প্রতিষ্ঠিত করাই আমার লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, আল আমিন সানা, গাজী জাহাঙ্গীর আলম, সফিকুজ্জামান মৌলঙ্গী, ওলিয়ার রহমান, জসিম উদ্দিন, সেলিম রেজা হাওলাদার, শেখ হুমায়ুন কবির, মোল্লা ইমরান আহম্মেদ, আব্দুস সাত্তার আকন, আসাবুর রহমান হাওলাদার, কবির আকুঞ্জি, হাফিজুর রহমান, আসাদ মোল্লা, পলাশ মহলদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, জেলা মহিলা দলের সহ সভাপতি রেহানা ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের মানুষ জনসভায় অংশগ্রহণ করেন।
ছবি ক্যাপশন: বটিয়াঘাটা বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল। গতকাল।
ঊআ-মোহন চৌধুরী
