UsharAlo logo
, |

দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবুল কালাম আজাদের

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারি পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি গঠনের আহ্বান জানিয়েছেন।

বুধবার বিকেল ৪টায় কয়রা উপজেলা জামায়াত অফিস চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতিকে বিভক্ত নয়, এখন দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার সময়। দেশের মানুষ আজ নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের মধ্যে কোনো বিভেদ বা সংঘাত কাম্য নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি সমৃদ্ধ, শান্তিময় ও শক্তিশালী দেশ গঠন করা।”

কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ সায়ফুল¬াহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের প্রভাষক বাবু বিদেশ চন্দ্র মৃধা, কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, “১৯৭১ সালের মীমাংসিত বিষয় নিয়ে জাতিকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পুরো জাতি তা প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতার ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিভেদ সৃষ্টি করেছে। আজ হিন্দু সমাজ সচেতন হয়েছে এবং তারা আমাদের সঙ্গে মিলিত হয়ে দেশ গড়ার কাজ করতে চায়। ইতোমধ্যে জামায়াত ইসলাম থেকে দুইজন হিন্দু ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে—খুলনা-১ আসনে বাবু কৃষ্ণ নন্দী ও কিশোরগঞ্জ-৩ আসনে চিত্ত রঞ্জন বাবু। আমরা সবাই মিলেই দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

সমাবেশে দেশের সকল রাজনৈতিক দল ও সুধী সমাজকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়।

ঊআ-মোহন চৌধুরী