বিশ্ব মানবাধিকার দিবসে খুলনার খালিশপুর কোহিনুর মোড় সংলগ্ন ১নং ক্যাম্পে উর্দুভাষী জনগোষ্ঠীর সম্মানজনক পুনর্বাসনসহ সাত দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলর অফ মাইনোরিটিজের সার্বিক সহযোগিতায় উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি খুলনা ও উর্দুভাষী অধিকার আন্দোলন খুলনা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম।
মানববন্ধন উর্দুভাষী অধিকার আন্দোলন খুলনার সভাপতি মোঃ শাহাবুদ্দিন আনসারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুস্তম খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, মোঃ ওয়াহিদ, জুমরাতি মিয়া, মোঃ কামাল, শাহ আলম টেনি, আব্দুর রহমান ভোলা, জোবেদা বেগম, আক্তারী বেগম, বেলী, সালমা, চম্পা, মোঃ হাশেম, বিজলী, জাবেদ, বেবি, নাজমা, নাজ, নার্গিস, মারুফ হোসেন, টিপু, সেলিম, আক্তার, আবিদসহ খালিশপুরের পাঁচটি ক্যাম্পের নেতৃবৃন্দ।
বক্তারা জানান, দেশের বিভিন্ন জেলায় ১১৬টি ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী জনগোষ্ঠী দীর্ঘ ৫৪ বছর ধরে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। ২০০৮ সালে হাইকোর্ট তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিলেও আজও তারা আবাসনসহ অনেক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
সমাবেশে বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উর্দুভাষী জনগোষ্ঠীর সম্মানজনক পুনর্বাসনসহ তাদের সাত দফা দাবি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
ঊআ-মোহন চৌধুরী
