UsharAlo logo
, |

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে খুলনায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খুলনায় ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, খুলনা অঞ্চলের উদ্যোগে সকাল ১০টায় হাদিস পার্কে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ও সার্চ মানবাধিকার সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। র‌্যালিটি হাদিস পার্ক থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদিস পার্কে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি শফিকুল আলম মনা বলেন, “মানবাধিকার কোনো অনুগ্রহ নয়, এটি মানুষের জন্মগত অধিকার। কিন্তু স্বৈরাচারী সরকারের আমলে দেশের মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত, ভোটাধিকার হরণ করা হয়েছে এবং ভিন্নমত দমন করা হচ্ছে। খুন, গুম, গ্রেপ্তার ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা মানবাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকারের লড়াই মানেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

র‌্যালির উদ্বোধন করেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা, আইন উপদেষ্টা পরিষদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষার বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে র‌্যালিতে অংশ নেন।

ঊআ-মোহন চৌধুরী