খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা আইনজীবী সমিতি থানা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলী (৫৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৬ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা বাগেরহাটের কচুয়া উপজেলার উদয়নখালী গ্রামে এবং দ্বিতীয় জানাজা রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে অনুষ্ঠিত হয়। পরে সেনের বাজার মল্লিক বাড়ি সালেহা ইউসুফিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে তাকে দাফন করা হয়।
জানাজায় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এদিকে তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল, মহানগর, জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
