UsharAlo logo
, |

জনদুর্ভোগ নিরসনে সরকারের উদ্যোগ প্রশ্নবিদ্ধ : মাহফুজুর রহমান

Mohon Chowdhury
আগস্ট ১৮, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন ও চলমান সংকট মোকাবিলায় সরকার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এবং জনগণের ভোগান্তি বাড়ছে।

মঙ্গলবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ ও কৃষকরা চরম দুর্ভোগে পড়ছেন। কৃষি উৎপাদন ব্যাহত হলে তার প্রভাব জাতীয় অর্থনীতিতেও পড়বে। একই সঙ্গে দেশে চাঁদাবাজির বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সমাবেশে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়ে মাহফুজুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুন, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মোনাওয়ার আনসারী ও সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম প্রমুখ।

এহতেশামুল হক শাওনের সুস্থতা কামনা

এদিকে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা বলেন, এহতেশামুল হক শাওন দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর আকস্মিক দুর্ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।