UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জেলা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ

Mohon Chowdhury
নভেম্বর ১৭, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পতিত ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশব্যাপী আবারও নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের চলমান স্থিতিশীলতা নষ্ট করতে নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে। তবে বাংলার মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খুলনা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর গল্লামারী থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোভাযাত্রাটি জিরোপয়েন্ট হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাচিবুনিয়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।

সমাবেশে এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার সাধ্য কোনো ষড়যন্ত্রকারীর নেই। খুলনা জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

সমাবেশে বক্তারা নৈরাজ্য সৃষ্টিকারী ও ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান ও এসএম শামীম কবির, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, কেএম আশরাফুল আলম নান্নু ও সুলতান মাহমুদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সভাপতি এজাজুর রহমান শামীম ও সাধারণ সম্পাদক ফারুক খন্দকার।

এ ছাড়া জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জল কুমার সাহা, সাধারণ সম্পাদক খান ইসমাঈল হোসেন, জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম বাচ্চু, রুবেল মীর ও আইয়ুব হোসেন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ