ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ফুসফুসের সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করতে খুলনা বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নভেম্বর মাসব্যাপী ফুসফুসের ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের উদ্যোগে এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় সেমিনারটির আয়োজন করা হয়। এর প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ারিং ইয়ুথ ফর হেলদি লাংস’ (Empowering Youth for Healthy Lungs)।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, গবেষণাকে প্রয়োগমুখী করে দেশের উন্নয়নে কাজে লাগানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। খুলনা বিশ্ববিদ্যালয়ও এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর অংশীদার হিসেবে ভূমিকা পালন করতে হবে। এ জন্য যুগোপযোগী ও সমাজের প্রয়োজনভিত্তিক গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ জরুরি।
উপাচার্য আরও বলেন, ক্যান্সার শুধু একজন রোগীর শারীরিক অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি একটি পরিবারকে গভীর মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখে ফেলে। এ রোগ প্রতিরোধ ও মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার পরিধি বাড়াতে হবে। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের প্রতিরোধ ও চিকিৎসায় চিকিৎসকদের আরও বেশি গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের ওষুধশিল্পে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের অবদান তুলে ধরে উপাচার্য জনস্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয়, চিকিৎসক ও ওষুধশিল্পের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ধূমপান ও মাদক পরিহার করে স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি বিভাগের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সাফায়েত হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি ও অনকোলজি বিভাগের প্রধান ডা. মো. মুকিতুল হুদা।
ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. জামিল আহমদ শিল্পীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আনিসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী সুমাইয়া তাহসিম ও হাসিবুর রহমান সৌরভ।
সেমিনারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
