একসময় শান্তির শহর হিসেবে পরিচিত শিল্পনগরী খুলনায় একের পর এক গুলিবর্ষণ, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) মাত্র এক দিনে নগরীর সাতটি স্থানে গুলিবর্ষণ এবং একজনকে গুলি করে হত্যার ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নগরবাসীর অভিযোগ, চায়ের দোকানদার থেকে বহুতল ভবনের মালিক, সবজিবিক্রেতা থেকে সড়ক উন্নয়নকাজের ঠিকাদার—বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কথিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের হুমকির মুখে পড়ছেন। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা নিয়েও তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা।
নগরীর নাটকপাড়া, মহিরবাড়ি, খালপাড়, ৩১ নম্বর ওয়ার্ড, টুটপাড়াসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, নাটকপাড়া-মহিরবাড়ি খালপাড় এলাকায় সড়ক সংস্কারকাজ করতে গিয়ে এক ঠিকাদারের কাছে প্রথমে মেলায় বেড়াতে যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ রয়েছে, পরদিনই আবার ১৫ লাখ টাকা দাবি করা হয়। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদাররা বিপাকে পড়েছেন। ভয়ের কারণে তাঁদের অনেকেই প্রকাশ্যে নাম-পরিচয় জানাতে চাইছেন না।
বিশ্বস্ত স্থানীয় সূত্রের দাবি, টুটপাড়া ও আশপাশের এলাকায় নূর আজিম বাহিনীর নাম ব্যবহার করে চাঁদাবাজি চলছে। তবে এসব অভিযোগের সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় কিংবা কোনো সংগঠনের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনো গোষ্ঠীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
একের পর এক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবেন? কারা এসব অস্ত্রধারী ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? এসব ঘটনার পরও নগরীতে নিরাপত্তার নিশ্চয়তা ফিরছে না কেন?
নগরবাসীর দাবি, অপরাধীদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় যা-ই হোক, অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজি, অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
শিল্প, বাণিজ্য ও সম্ভাবনার শহর খুলনায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁরা চান নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা, স্বাভাবিক চলাচল এবং নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা।
খুলনাকে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ থেকে মুক্ত করতে প্রশাসনের দ্রুত, দৃশ্যমান ও নিরপেক্ষ পদক্ষেপ প্রত্যাশা করছেন নগরবাসী। তাঁদের প্রত্যাশা, অপরাধের সঙ্গে জড়িতদের পরিচয় ও প্রভাব বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঊআ-মোচৌ
