৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের খুলনা জেলা স্টাডি ট্যুর উপলক্ষে স্বাগত জানিয়েছেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষানবিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় খুলনা জেলা ও জেলা পুলিশের ইতিহাস, সাংগঠনিক কাঠামো এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অবহিত করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি), গোয়েন্দা শাখা (ডিবি), থানা, ফাঁড়ি ও ক্যাম্পের কার্যক্রম, পুলিশের ডিজিটাল সেবা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং খুলনা জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাঁদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।
পুলিশ সুপার সরকার ওমর ফারুক শিক্ষানবিশ কর্মকর্তাদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে এ সফর কাজে লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন ও মোঃ বাবুল হোসাইন হাওলাদার।
ঊআ-মোচৌ
