খুলনা সিটি কর্পোরেশনসহ দেশের আটটি শহরে পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে ক্ষুদ্র পরিসরের সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প তালিকা উন্নয়নে সমীক্ষা শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে খুলনা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সমীক্ষার সূচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ‘বাংলাদেশ নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর (এসইউডব্লিউসি)’ প্রকল্পের আওতায় এসএনভি এ সমীক্ষার আয়োজন করছে। সমীক্ষাটি পরিচালনা করছে ভিএফএম অ্যাডভাইজরি সার্ভিসেস। এর যাবতীয় ব্যয় বহন করছে এসএনভি।
সভায় জানানো হয়, নগর সেবায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশে পিপিপির আইনি কাঠামো এবং ছোট প্রকল্পের জন্য দ্রুত অনুমোদনের ব্যবস্থা থাকলেও বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহী করে তোলার মতো সুনির্দিষ্ট প্রকল্পের ঘাটতি রয়েছে। এ সমীক্ষার মাধ্যমে পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে ক্ষুদ্র পরিসরের সম্ভাব্য পিপিপি প্রকল্প চিহ্নিত করা হবে। যাচাই-বাছাই শেষে বিনিয়োগ উপযোগী কনসেপ্ট নোট তৈরি করা হবে। সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত প্রকল্পের ক্ষেত্রে এসব কনসেপ্ট নোট দ্রুত একধাপীয় অনুমোদন প্রক্রিয়ায় ব্যবহারের উপযোগী হবে।
সভায় সমীক্ষার পাঁচটি ধাপ তুলে ধরা হয়। এগুলো হলো—সেবার চাহিদা, সরবরাহ ও ঘাটতি নিরূপণ; ঘাটতির ভিত্তিতে সম্ভাব্য প্রকল্প চিহ্নিতকরণ; বেসরকারি অপারেটর ও অর্থায়নকারীদের আগ্রহ যাচাই; সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ এবং সবশেষে কনসেপ্ট নোট প্রণয়ন।
সমীক্ষা কার্যক্রম পরিচালনায় সিটি কর্পোরেশনের কাছ থেকে বিদ্যমান প্রতিবেদন, সেবা-সংক্রান্ত তথ্য ও বাজেট, মাঠপর্যায়ে পরিদর্শনে সহযোগিতা, ভূমি ও আইনি বিষয়ে প্রাথমিক তথ্য এবং একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘বাংলাদেশ নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পটি খুলনাসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশন ও আটটি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও সংশ্লিষ্ট নগরসেবার নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব উন্নয়নের মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমান উন্নত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। ক্ষুদ্র পরিসরের পিপিপি-সংক্রান্ত সমীক্ষাটি আটটি শহরে পরিচালিত হচ্ছে, যার মধ্যে খুলনাও রয়েছে।
সভায় কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারি কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাস এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্ল্যানিং অফিসার মো. তানভির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন এসএনভির ক্লাস্টার কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমীক্ষার উদ্দেশ্য, কর্মপদ্ধতি ও খুলনা শহরের প্রাথমিক চিত্র তুলে ধরেন প্রকল্পের টিম লিডার মোহাম্মদ হাসান হায়দার।
ঊআ-মোচৌ
