বিশ্ববিদ্যালয় দিবসে ইউজিসি চেয়ারম্যানের ঘোষণা—ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ও পাইকগাছায় কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল অনুমোদন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. খসরুল আলম। এ ছাড়া বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রা শেষে বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
তিনি বলেন, ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় যে অবস্থানে পৌঁছেছে, তা গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে যাঁরা অবদান রেখেছেন এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে এর অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। উৎসবমুখর এ দিনে শিক্ষার্থী ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ইউজিসি চেয়ারম্যান।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শুভদিনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি, যিনি এ দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোকবর্তিকা নয়, দেশ-বিদেশেও আলো ছড়াচ্ছে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি এ অঞ্চলের অর্থনীতি, সমাজ ও শিল্পের সঙ্গে সংযোগ তৈরিতেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আগামীতে এসব ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে ইউজিসির পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং পাইকগাছা ক্যাম্পাসে কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল অনুমোদনের ঘোষণা দেন তিনি।
খুলনা অঞ্চলের কৃষি, মৎস্য ও চিংড়িসহ সম্ভাবনাময় খাতগুলোর জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সক্ষমতার কথা উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান এসব খাতে আরও বেশি প্রায়োগিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের শক্তি। চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, এমনভাবে তাঁদের প্রস্তুত করতে হবে। পাশাপাশি উদ্ভাবক হতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. খসরুল আলম।
অনুষ্ঠানে ‘খুলনা বিশ্ববিদ্যালয়: অর্জন, রূপান্তর, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা’ শীর্ষক উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের বিভিন্ন দিক, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন। সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। গত বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অদম্য বাংলা প্লাজায় ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগ ও ডিসিপ্লিনের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন ভবন, হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়।
ঊআ-মোচৌ
