ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্য নেতারা যাতে ১৬ ডিসেম্বর বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য নানা ধরনের কর্মসূচি পালন করবে স্থানীয় বিএনপি।
ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য প্রতিরোধ, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) বেনাপোলে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে।
প্রধান অতিথি শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোল বাজারে এই কর্মসূচি পালিত হয়।
ডিসেম্বর মাসে কেউ যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত সংলগ্ন বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি বৈধ পথে দুই দেশের বিপুলসংখ্যক পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন।
এদিকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও আশপাশের সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৫ নভেম্বর থেকে সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
এর আগেও সীমান্ত সুরক্ষার বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নুরুজ্জামান লিটন। শুক্রবার সকালে শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোগা ইউনিয়নের সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামে আয়োজিত এক সভায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গ্রামভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছিলেন তিনি।
এরই ধারাবাহিকতায় বন্দরনগরী বেনাপোলে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে মশাল মিছিলের আয়োজন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধের পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও জনসচেতনতার বিষয়টি তুলে ধরা হয়েছে।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মফিকুল হাসান, ইমদাদুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল বাবু ও সাল্হা উদ্দিন, যুবদলের উপজেলা সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমেনুল সাগর, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার।
ঊষার আলো-এসএ
