ঊষার আলো প্রতিবেদক : খুলনার ফুলতলায় পাওনা টাকা চাওয়ায় এক চায়ের দোকানদারকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেছেন স্থানীয় আওয়ামী লীগনেতা ও তার সমর্থকরা। এছাড়া ব্যবসায়ীর মোঃ ফারুক হাওলাদার (৫৫) এর দোকান ভাঙচুর ও লুটপাট করেছেন তারা। শনিবার (৩০ মে) রাত ৮টায় ফুলতলা উপজেলার জামিরা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার চা দোকানদার ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গার মাঝেরপাড়া গ্রামের মৃত মোবারেক হাওলাদারের ছেলে। এ ঘটনায় চা দোকানদার ফারুক হাওলাদার বাদী হয়ে তাদের নামে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, জামিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মোল্যার ছেলে জাফর মোল্যার কাছে পার্শ¦বর্তী ্রগামের চা দোকানদার ফারুক হাওলাদার পাওনা টাকা চাওয়ায় বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। তখন দোকানদার ফারুককে মারধর, দোকান ভাংচুর ও ১৪ হাজার টাকা লুট করে নেই তারা।
পরে রাতে ফিরোজ মোল্যা ও তার ছেলে জাফর মোল্যা মোটরসাইকেলে বহর নিয়ে এসে চা দোকানদারকে তুলে নিয়ে জামিরা গ্রামের ইকবালের দোকানের সামনে আটকে রাখে। খবর পেয়ে রাত তটায় ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় ফারুক হাওলাদারকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময়ে পুলিশ সেখান থেকে আবজাল মোল্যা ও রায়হান পারভেজ নামের দুইজনকে আটক করে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাতাব উদ্দিন বলেন, ব্যবসায়ী ফারুককে অপহরণ ও মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক দুই ব্যক্তিকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের আটকের অভিযান অব্যহত আছে।
(ঊষার আলো-এমএনএস)
