পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে চিংড়ি পোনা আহরণ করার অভিযোগে ৩ পোনা সরবরাহকারীকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে এলাকার নদ-নদী থেকে আহরিত চিংড়ি পোনা সরবরাহ করার সময় জিরোপয়েন্ট এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বিপুল পরিমান চিংড়ি পোনা জব্দ করেন। এ সময় পোনা সরবরাহকারী ডুমুরিয়ার ইমরান শরীফ (৩৬), কয়রার মফিজুল (৩৫) ও উপজেলার টেংরামারী এলাকার রমেশ মন্ডল (৫৫) কে ৫ হাজার টাকা করে ৩ জনের ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত পোনা প্রাকৃতিক উৎসে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।
(ঊষার আলো-এমএনএস)
