ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে গিয়ে প্রতারণার শিকার হলেন যাদবপুরের সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী । সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে ট্রল। এরপর দেবাঞ্জন দেব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২২ জুন) কসবার নিউমার্কেট এলাকার (কসবার ১০৭ নম্বর ওয়ার্ড) এক ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে কোভিড টিকা নিয়েছেন মিমি। বিশেষভাবে সক্ষম শিশু এবং সমকামীদের এ ক্যাম্পে বিনা মূল্যে করোনা টিকা দেওয়া হচ্ছে। আমন্ত্রণপত্রের মাধ্যমে সে কথা জানতে পেরে সেখানে হাজির থেকে সবাইকে উৎসাহিত করতে নিজেও ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরে গোটা বিষয় নিয়ে খটকা লাগে তার। তিনি বিষয়টি খতিয়ে দেখতে মনোযোগী হলে আসল রহস্য বেরিয়ে আসে। ওখানে চলছিল ভুয়া ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম এবং কেন্দ্রটিও অনুমোদনহীন। নায়িকা মিমিকে জানানো হয়েছিল, জয়েন্ট কমিশনার অব কেএমসির উদ্যোগে ওই ভ্যাকসিনেশন ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। মিমি জানান, এই বিষয়টি প্রোমোট করতে আমি ওখানে পৌঁছেছিলাম। নিজেও ভ্যাকসিন নিই। কিন্তু ফোনে কোনো মেসেজ না আসায় আমার খটকা লাগে। সার্টিফিকেট চাইলেও ওরা বলেন, বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু আসেনি। পরে ওরা বলে, ৩-৪ দিন সময় লাগবে। এরপর থেকেই সন্দেহ লাগলে ঘটনার খোঁজখবর নিতে গিয়ে সব জানলাম।
পুলিশ জানায় , মিমির অভিযোগ খতিয়ে দেখে দেবাঞ্জন দেব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পৌরসভার নাম ভাঙিয়ে টিকাকরণ ক্যাম্প চালানো হচ্ছিল। ব্যবহার করা হচ্ছে কেএমসির লোগো ব্যবহৃত মাস্ক-স্যানিটাইজার। একটি জাল কার্ডও উদ্ধার করা হয়েছে। সেই কার্ডে কলকাতা পৌর কমিশনার বিনোদ কুমারের সই জাল করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)
