UsharAlo logo
, |

ওয়ান টাইম সামগ্রীর অযাচিত ব্যবহার, জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে

ঊষার আলো
জুন ২৬, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনাভাইরাসের অজুহাতে নগরীর বিভিন্ন এলাকায় অযাচিত ব্যবহার বাড়ছে প্লাস্টিক ও ফোম জাতীয় ওয়ান টাইম সামগ্রীর। যেখানে-সেখানে পড়ে থাকা অপচনশীল এসব কাপের জন্য বেড়েছে জলাবদ্ধতা। ঝুঁকি বেড়েছে জনস্বাস্থ্য ও পরিবেশের। প্লাস্টিকের এ কাপের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন পরিবেশবাদীরা।
করোনার সময় নগরীতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ওয়ান টাইম গ্লাস, প্লেট এবং চায়ের দোকানে ওয়ান টাইম কাপ ব্যবহার করা হচ্ছে। ব্যবহার শেষে ওইসব সামগ্রী ছুড়ে ফেলা হচ্ছে যত্রতত্র।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বাজার সংলগ্ন এলাকার রাস্তার আশ পাশে, ড্রেনে এমনকি ফাঁকা জায়গাতে দেখা মিলছে পরিবেশ বিরোধী ওয়ান টাইম সামগ্রীর।
নগরীর টুটপাড়ার শামিম হোসেন এ প্রতিবেদককে বলেন, চা খেয়ে ওয়ান টাইম সামগ্রীর কাপ যেভাবে রাস্তায় ছুড়ে ফেলা হচ্ছে, তাতে যানবাহনের চাকায় বিঁধে যেকোন মূহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া ড্রেনে ফেলায় ড্রেন জমাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
কমার্স কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সেলিনা ইয়াসমিন জানান, প্লাস্টিকের ওইসব সামগ্রী জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সাধারণ মানুষেরা ক্ষতিকর দিক সম্পর্কে তেমন একটা জ্ঞাত নয়। জনসাধারন ওয়ান টাইম সামগ্রীর ব্যবহার সম্পর্কে সচেতন না হলে এর সুদূরপ্রসারী কুপ্রভাব পড়বে জীবনধারা ও পরিবেশের ওপর।
(ঊষার আলো-এমএনএস)