UsharAlo logo
, |

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০২১ সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ড।

আজ রোববার (২৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ‌্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা (কোভিড-১৯) পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করে জানানো হবে।

এর আগে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছিল, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ জুন থেকে শুরু হবে ফরম পূরণ প্রক্রিয়া এবং চলবে ১১ জুলাই পর্যন্ত। আর পুরো প্রক্রিয়া অনলাইনে হবে।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

করোনা মহামারির ফলে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল ঘোষণা করা হয়েছিল। কিন্তু এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রযেছে।

(ঊষার আলো-এফএসপি)