পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আনসার ও ভিডিপি’র কার্যালয়ের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করা হয়েছে। রোববার (২৭ জুন) সকালে আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন মুকুল, আনসার কমান্ডার আবু হানিফ ও ওয়ার্ড দলনেতা লিটন গাজী। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলায় মহামারী করোনা সহ পৃথিবীতে নানা রোগ বালাই ও প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব বেড়েছে। তিনি বলেন, একটি সুস্থ্য ও সুন্দর পৃথিবীর জন্য সুন্দর পরিবেশ ও প্রকৃতি অপরিহার্য। কিন্তু প্রতিযোগিতামূলক বিশ্বে নানাভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করার পাশাপাশি পরিবেশ দুষণ করছি। আমাদের প্রয়োজনে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ করতে হবে। এ জন্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নাই উল্লেখ করে সবাইকে বৃক্ষরোপন কর্মসূচীর মত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ইউএনও খালিদ হোসেন।
(ঊষার আলো-এমএনএস)
