ঊষার আলো ডেস্ক : ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি তার মায়ের কোনো প্রকার খোঁজ-খবর নেন না বলে অভিযোগ উঠেছে। এক ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেছেন পপির মা মরিয়ম বেগম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘পপি বলে আমাকে সে ভরণপোষণ দেয়, সব মিথ্যা। তার বাসাতেও আমি থাকি না।’
বিভিন্ন সময়ে পপি বলেছেন যে, তার মাকে তিনি ভীষণ ভালোবাসেন। মায়ের সহযোগিতাতেই তিনি সিনেমার নায়িকা হতে পেরেছেন ও এতদূর এগোতে পেরেছেন। কিন্তু পপির মা মরিয়ম বেগম বলেন, ‘২০০৭ সালের পর হতে পপি আমার সাথে থাকে না। আমি এখন কোথায় রয়েছি, পপি সেটাও জানে না ও পপি কোথায় থাকে আমি জানি না।’
বেশ কয়েক মাস ধরে অন্তরালে আছেন পপি। গুঞ্জন রয়েছে, এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত আছেন তিনি। কিছু দিন আগে পপির অন্তঃসত্ত্বা হওয়ারও গুঞ্জন ছড়িয়েছিল।
(ঊষার আলো-এফএসপি)
