ঊষার আলো ডেস্ক : দেশের কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি না হয়ে যদি অবনতি হয় তাহলে আবারও বিধিনিষেধ জারি করা হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার(১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিককের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে আবারও লকডাউন দেওয়া হবে।
১১ আগস্ট(বুধবার) থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। অফিস-আদালত-ব্যাংকের পাশাপাশি দোকানপাট এবং শপিংমল খুলে গেছে। গণপরিবহণ অর্ধেক চলার বিধিনিষেধ ছিল তবে সেটিও তুলে নেওয়া হয়েছে। ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার।
আজ (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ পথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে। পাশাপাশি পর্যটন, রিসোর্ট এবং বিনোদন কেন্দ্রও শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে।
(ঊষার আলো-আরএম)
