ঊষার আলো ডেস্ক : সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ২১ মাস ছাড় দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। করোনা মহামারিতে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের কথা বিবেচনায় রেখে এমন প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রস্তাব অনুযায়ী, গত বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যত সরকারি চাকরির নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে তাদের আবেদনের সুযোগ থাকবে।
এর আগে, করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় আকারে বয়স ছাড়ের চিন্তার কথা জানায় সরকার। গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের পুরোটাই ২১ মাস এ ছাড়ের আওতায় রাখার কথা ভাবা হচ্ছে। এই বিষয়টি চূড়ান্ত হবে সরকার প্রধানের সম্মতির পর। প্রধানমন্ত্রী সম্মতি দিলে তা আনুষ্ঠানিকভাবে জানাবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
(ঊষার আলো-আরএম)
