ঊষার আলো ডেস্ক : রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আসামী আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন না মঞ্জুর করেছেন আদালত।।
আজ (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে হেলেনা জাহাঙ্গীরের পক্ষে তার আইনজীবী শফিকুল ইসলাম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের ঘোর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।
এর আগে, গতকাল (মঙ্গলবার) পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
গত ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে হেলেনা জাহাঙ্গীরকে (৪৯) গ্রেফতার করেন র্যাব। অভিযানে বিদেশি মদ, ক্যাঙ্গারুর চামড়া, হরিণের চামড়া, মোবাইলফোন, চেক বই ও বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট ও জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জাম জব্দ করা হয়। পরে বিটিআরসির সহযোগিতায় মিরপুরে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা করে অবৈধ মালামাল জব্দ করা হয়। পরে পল্লবী থানার প্রতারণা মামলা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্র আইনের মামলা এবং গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ও মাদক মামলায় তার ১৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
(ঊষার আলো-আরএম)
