ঊষার আলো ডেস্ক : গ্রাহকের সাথে প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা গ্রেফতর হওয়ার কারনে পণ্য অর্ডার করে না পাওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে, ‘হোম অফিস’ করবেন প্রতিষ্ঠানের কর্মীরা।
শনিবার (১৮ সেপ্টেম্বর) ইভ্যালির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ‘অফিস কার্যক্রম সংক্রান্ত এক নোটিশে’ এ বিষয়টি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, ‘সম্মানিত গ্রাহক ও সেলার, আপনাদের জন্যই আমাদের সকল আয়োজন। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায়, আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে ১৮ সেপ্টেম্বর (শনিবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইভ্যালি এমপ্লয়িগণ নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন।’
হোম অফিস পদ্ধতিতেই ইভ্যালির সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান থাকবে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের কাম্য। ইভ্যালির উপর আস্থা রাখুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রেরণা।
(ঊষার আলো-আরএম)
