UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

‘এ’ দলের ওয়ানডে সিরিজে মুমিনুলের সেঞ্চুরি

ঊষার আলো
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অনেকদিন ধরেই কোনো টেস্ট নেই বাংলাদেশের। সাদা পোশাকে আবারও মাঠে নামতে অপেক্ষা করতে হবে আরও মাস দুয়েক। আগামী নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ দল। কাজে ফাঁকা সময়ে টেস্ট দলের বেশির ভাগ ক্রিকেটার ব্যস্ত এইচপি দলের বিপক্ষে ‘এ’ দলের ওয়ানডে সিরিজে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ব্যাট করতে নেমে তার ব্যাটে দারুণ এক শুরু পেয়েছে ‘এ’ দল। এদিন নাজমুল হোসেন শান্তর সাথে ইনিংস উদ্বোধনে এসেছিলেন মুমিনুল।

ইনিংসের ২০তম ওভারে ৬৩ বলে হাফ সেঞ্চুরি করেন মুমিনুল হক। ৩০তম ওভারে ৬৭ রানের ইনিংস খেলে শান্ত আউট হলে ১৫৪ রানের উদ্বোনী জুটি ভাঙে।

৩৫তম ওভারের প্রথম বলে আমিনুল ইসলাম বিপ্লবকে বাউন্ডারি মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেন মুমিনুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ৪১তম ওভারে ১২১ বল খেলে ১২৮ রান করে মাঠ ছাড়েন মুমিনুল।

(ঊষার আলো-এফএসপি)