ঊষার আলো ডেস্ক : পিএসজির সর্বশেষ ম্যাচে মাঠে ছিলেন না মেসি, নেইমার ও ডি মারিয়ারা। আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলার কারণে তারা আর স্কোয়াডে থাকতে পারেননি।
এবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ। এই ম্যাচে পিএসজির হয়ে মাঠে ফিরবেন মেসি ও ডি মারিয়া। তবে এ ম্যাচেও দেখা মিলবে না নেইমারের।
ইনজুরির ফলে নেইমারকে স্কোয়াডে রাখেননি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। জানা যায়, এ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েছিলেন। ইনজুরির কারণে নেইমারের পরের লিগ ম্যাচ মার্শেইয়ের বিপক্ষে খেলাও অনিশ্চিত।
নেইমারের দলে না থাকা নিয়ে মরিসিও পচেত্তিনো জানান, “আমরা খেলোয়াড়ের স্বাস্থ্যের ব্যাপারে বরাবরই সচেতন। নেইমারের সামান্য চোট সমস্যা আছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে। ’
এছাড়াও পিএসজি আজকের ম্যাচে মাঠে পাবে না আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও। ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন সার্জিও রামোস। তার ব্যাপারেও কোনো সুখবর দিতে পারেনি পচেত্তিনো। পিএসজিতে যোগ দেওয়ার পরে একবারের জন্যও মাঠে নামেননি রিয়াল মাদ্রিদের সাবেক এ অধিনায়ক।
(ঊষার আলো-এফএসপি)
