ঊষার আলো ডেস্ক : ভারতে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে তুষারপাতে নিখোঁজ ১৭ পর্বতারোহীর মধ্যে ১১ জনের লাশ ও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, এখনও ৪ জন নিখোঁজ আছেন।
উত্তরাখণ্ডের লামখাজ পাস এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বের অন্যতম কঠিন, ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক এই পার্বত্য পথটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উঁচুতে।
প্রবল তুষারপাত এবং বৈরী আবহাওয়ার কারণে ১৮ অক্টোবর পথ হারিয়েছেন ওই ১৭ পর্বতারোহী। এদের মধ্যে ছিলেন পর্যটক, গাইড ও কুলি।
এদের নিখোঁজের দুই দিন পর ২০ অক্টোবর থেকে সেখানে উদ্ধার অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় উদ্ধারকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)।
এরপর ওই পার্বত্য পথের ১৬ হাজার ৫০০ ও ১৬ হাজার ৮০০ ফুট উচ্চতা থেকে ৭ মৃতদেহ, ২ জনকে জীবিত ও লামখাজ পাসের ১৫ হাজার ৭০০ ফুট উচ্চতা থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৪ জনকে উদ্ধারে ভারতের বিমানবাহিনীর ২টি হেলিকপ্টার সার্বক্ষনিকভাবে ওই এলাকায় টহল দিচ্ছে বলে জানা গেছে।
(ঊষার আলো-আরএম)
