UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে বিলম্ব মিনিট ছাড়িয়ে ঘণ্টায়

ঊষার আলো
এপ্রিল ২৮, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চলছে ঈদযাত্রার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খুব বেশি ভিড় দেখা যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশনে।টিকিট পেতে ভোগান্তি পোহাতে হলেও যাত্রা পথে কোনো সমস্যা হবে না- এমনটাই প্রত্যাশা যাত্রীদের। তবে প্রথম দিন ট্রেনের বিলম্ব মিনিটে থাকলেও আজকে তা ঘণ্টা ছাড়িয়েছে।

ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও ২ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে স্টেশন ছেড়েছে চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস। এ ট্রেন ছাড়ায় বিলম্ব হওয়া ও ভ্যাপসা গরমে সবচেয়ে ভোগান্তিতে পড়ে নারী, বৃদ্ধ ও শিশুরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আগত যাত্রীরা।

এছাড়া চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু ট্রেনটি ১ ঘণ্টা ৫ মিনিট লেট করে স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে।সকালে স্টেশনে কথা হয় এই ট্রেনের যাত্রী সরোয়ার আলমের সঙ্গে।

তিনি বলেন, ভোরে সেহরি ও নামাজ শেষ করেই স্টেশনে পৌঁছাই। সেহরি খেয়ে ঘুমালে আর উঠতে পারবো না ভেবে নামাজের পরই চলে আসি। কিন্তু ট্রেন ৮টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও এখনও (সকাল ৯টা ৪০ মিনিট) ছাড়েনি। আমি সব কিছু মানিয়ে নিতে পারলেও আমার বয়স্ক মা, শিশু সন্তান রয়েছে, তাদের ভোগান্তি কে দেখবে। আমাদের রেল ব্যবস্থাপনা মনে হয় আর ভালো হবে না।

স্টেশন ঘুরে দেখা যায়, এদিন নিজ নিজ গন্তব্যের ট্রেন ধরতে সেহরি খেয়েই অনেকে চলে এসেছেন স্টেশনে।তারা জানান, সেহরির পর ঘুমিয়ে গেলে আর ট্রেন ধরতে পারবেন না। এজন্য তারা আগেই স্টেশন এলাকাতে চলে এসেছেন। আগত এসব যাত্রীদের অনেকেই ভ্যাপসা গরম থেকে বাঁচতে সঙ্গে এনেছেন হাত পাখা।

এবারের ঈদ যাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে। এরমধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজারের বেশি।এদিকে ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।রোববার (২৪ এপ্রিল) থেকে ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হয়, ২৫ এপ্রিল দেওয়া হয় ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হয় ৩০ এপ্রিলের টিকিট আর বুধবার ২৭ এপ্রিল দেওয়া হয় ১ মে’র টিকিট।

ঊষার আলো-এসএ